
হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় গেলে দেশ ও জাতির সার্বিক এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট–২ আসনের সাবেক সংসদ সদস্য, নিখোঁজ নেতা এম ইলিয়াছ আলীর সহধর্মিণী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাহসিনা রুশদী লুনা।
তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে যুবসমাজকে আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে এবং এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নত করা হবে। প্রয়াত নেতা এম ইলিয়াছ আলী যেভাবে এই অঞ্চলের রাস্তা-ঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, ঠিক সেই ধারাবাহিকতায় আবারও ওসমানীনগরের সার্বিক উন্নয়নের চিত্র বদলে দেওয়া হবে।
তাহসিনা রুশদী লুনা আরও বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কৃষি খাতে সমান গুরুত্ব দিয়ে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল দর্শন। হারানো উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, পরিবারভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপরিকল্পিত রাষ্ট্রচিন্তা বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী ১২ জানুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য তিনি জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্সের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেন আহবাব, ইসলাম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলাম, গোয়ালাবাজার ইউপি সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




