
রকিব আল মাহমুদ, নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের মানুষ যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছেন, তার যথাযথ প্রতিদান দেওয়া হবে ইনশাআল্লাহ – বললেন সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।
শনিবার (১৪ ফেব্রুয়ারি ‘২৬) দুপুর সাড়ে ১২টায় সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ পরবর্তী আয়োজিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ডাঃ কে এম বাবর বলেন, স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি যে কমিটমেন্ট করেছেন, তা আগামী তিন মাসের মধ্যেই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
বিশেষ করে সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জরুরি চিকিৎসা সুবিধা সহজলভ্য করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোই হবে তার মূল লক্ষ্য।তিনি আরো বলেন, “গোপালগঞ্জ-২ আসনের প্রতিটি মানুষের খোঁজখবর আমি নিজে রাখবো। কেউ যদি রাত তিনটায়ও আমাকে ফোন দেয়-আমি সাড়া দেবো। জনগণের পাশে থাকা শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটা আমার নৈতিক অঙ্গীকার।” ডাঃ বাবরের এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাবেক ছাত্রদলের সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হীরা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা মনে করেন, দীর্ঘদিন ধরে অবহেলিত স্বাস্থ্য খাতে এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে গোপালগঞ্জ বাসীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।সমাবেশ শেষে দলীয় নেতারা জানান, গোপালগঞ্জে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে-যেখানে স্বাস্থ্য, সেবা ও জনগণের সরাসরি অংশগ্রহণই হবে মূল চালিকাশক্তি।


