জাতীয়সর্বশেষ

ডিজিটাল ভিক্ষুক ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছে ‘ডিজিটাল ভিক্ষুক’ নামে পরিচিত এক ভিক্ষুকের কার্যক্রম। হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ভিক্ষা গ্রহণ এবং সময় শেষ হলে আর ভিক্ষা না নেওয়ার কথা জানিয়ে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। গত শুক্রবার উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিননগর এলাকায় অবস্থিত শাহান শাহ হজরত রাহাত আলী শাহ (রহ.)-এর মাজার শরিফের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি উপস্থিত অনেকে মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, মাছিননগর শাহান শাহ হজরত রাহাত আলী শাহ (রহ.)-এর মাজার শরিফের সামনে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ জন ভিক্ষুক অবস্থান করেন। মাজারে আগত দর্শনার্থী ও ভক্তদের কাছ থেকে ভিক্ষা সংগ্রহ করেই তারা জীবিকা নির্বাহ করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভিক্ষুকদের একজনের হাতে হ্যান্ড মাইক নিয়ে উপস্থিত লোকজনের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন, ‘যারা ভিক্ষা দেবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দেবেন। সময় শেষ হলে আর ভিক্ষা নেওয়া হবে না।’ এমন ঘোষণায় আশপাশে থাকা অনেকেই বিস্ময় প্রকাশ করেন। স্থানীয়রা জানান, এর আগে কখনো এভাবে মাইক ব্যবহার করে সময় নির্ধারণ করে ভিক্ষা নেওয়ার ঘোষণা শোনা যায়নি। বিষয়টি অনেকের কাছে মজার মনে হলেও কেউ কেউ এটিকে ভিক্ষাবৃত্তির নতুন কৌশল বলেও মন্তব্য করেছেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ এটিকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি মানুষের দৃষ্টি আকর্ষণের অভিনব কৌশল। স্থানীয়দের ভাষ্য, মাছিননগর শাহান শাহ হজরত রাহাত আলী শাহ (রহ.)-এর মাজার শরিফ এলাকায় দীর্ঘদিন ধরেই ভিক্ষুকরা অবস্থান করে জীবিকা নির্বাহ করছেন। তবে সময় নির্ধারণ করে এভাবে ভিক্ষা গ্রহণের ঘোষণা দেওয়ার ঘটনা এই প্রথম দেখা গেল বলে জানিয়েছেন তারা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button