
গুনা, কুমিল্লার দেবিদ্বার ও গাজীপুরের টঙ্গীতে নির্বাচনি হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। বরগুনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে আহত করা হয়েছে। দেবিদ্বারে এনসিপি সমর্থকদের হামলায় বিএনপির তিন কর্মী আহত হয়েছেন এবং লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে হামলা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
বরগুনা : বরগুনা-২ সংসদীয় (বেতাগী-পাথরঘাটা-বামনা) আসনে গতকাল সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর একদল দুর্বৃত্ত হামলা করে গুরুতর আহত করেছে। বিকাল ৪টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তিনি তার নিজ বাসভবনের সামনে এ হামলার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবার শেষ করে গোলাম সরোয়ার হিরু ব্যক্তিগত কাজে বাজারের উদ্দেশে বাসা থেকে বের হন। তখন ওত পেতে থাকা ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লোহার পাইপ নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি আঘাত করে তারা তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে। সেই মুহূর্তে জামায়াতে ইসলামীর একটি মিছিল যাচ্ছিল। মিছিলের নেতা-কর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দ্রুত সেখানে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
কুমিল্লা : দেবিদ্বারে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. জসিম উদ্দিনের তিন কর্মী আহত হয়েছেন। গত রবিবার রাতে উপজেলার ৩ নম্বর সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর দক্ষিণ বাজারে ঘটনাটি ঘটে। আহতরা হলেন ৩ নম্বর সুবিল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মো. গোলাম হাক্কানি (৪৩), একই গ্রামের জনু মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক সুমন (৩০) ও ছত্তর মিয়ার ছেলে সুজন (২০)। এরা তিনজনই বিএনপি সমর্থক। আহতরা সবাই গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. জসিম উদ্দিনের পক্ষে সিএনজিচালিত অটোরিকশার মাইকিং প্রচার কর্মী ছিলেন।
টঙ্গী : গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে মিছিলে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। গতকাল বিকালে ঘটনাটি ঘটে। এতে ১০ জন আহত হন। গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পূর্বনির্ধারিত নির্বাচনি মিছিলে অংশ নিতে টঙ্গীবাজার বাটাগেট এলাকায় জড়ো হন নেতা-কর্মীরা। মিছিল শুরুর একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা সুমন সরকার ও কিরণের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন।




