
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলার দুইটি সংসদীয় আসনের প্রায় ৬৫ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন অফিস জানিয়েছে, জেলায় ২ টি আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪১ হাজার ৮৮২ জন। এর মধ্যে মাগুরা-১ আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৩০ হাজার ৭৭৬ জন। পুরুষ ভোটার ২১২১২৯ জন, মহিলা ভোটার ২১৩১১৬ জন। এ আসনে ১৫৬টি ভোট কেন্দ্রের ৮৮৮টি বুথে ভোটগ্রহণ হবে।
অপরদিকে মাগুরা-২ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৬৩৪ জন। পুরুষ ভোটার ২১১৫৪৬ জন, মহিলা ভোটার ২০৫০৮৫ জন। এখানে ১৪৫টি ভোটকেন্দ্রের ৭৯৭টি বুথে ভোট নেওয়া হবে।
জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ হাজার ৮৭ জন পুলিশ সদস্য, ৩ হাজার ৪০৮ জন আনসার সদস্য এবং ৫০০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে সেনাবাহিনীর একটি করে টহল এবং প্রতিটি উপজেলায় র্যাবের একটি করে টহল দল থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরা জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, জেলার দুইটি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৩০১টি। এর মধ্যে ১৪৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৫৪টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাগুরা-১ আসনে ৩৮টি এবং মাগুরা-২ আসনে ১৬টি ভোটকেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। সব মিলিয়ে জেলার প্রায় ৬৫ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন অফিস।
এ বিষয়ে মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে লাইভ বডি-অন ক্যামেরা থাকবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় থাকবে।




