
‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নতুন এই নীতিমালার ৫ (ঙ) নম্বর ধারায় বলা হয়েছে, ‘কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনোক্রমেই পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক স্তর)-এর টিউশন ফি নীতিমালা-২০২৪ অনুযায়ী টিউশন ফি গ্রহণ করা যাবে।’
গত ৯ ফেব্রুয়ারি এই নীতিমালা চূড়ান্ত করলেও সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এটি প্রকাশ করেছে।
বুধবার এ বিষয়টি জানানো হয়েছে। একই শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে পুনর্ভর্তি ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছিল।
গত ২৫ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই রিট করেন বেসরকারি একটি সংস্থার নির্বাহী পরিচালক আলী আসগর ইমন।
দেশের শিক্ষাব্যবস্থায় বছরের পর বছর ধরে চলমান সবচেয়ে ‘ভয়াবহ ও নীরব শোষণের নাম—পুনর্ভর্তি ফি’ বলে রিটে অভিযোগ করা হয়। তবে সরকার নীতিমালা জারির পর তারা আর রিট চালাবেন না বলে জানিয়েছেন।




