
ডেক্স রিপোর্ট : বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। গতকাল বিকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শাহবাগ মোড়ের আগে থানার সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় অনেককে ব্যারিকেড সরাতে টানাটানি এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতেও দেখা গেছে। সংশ্লিষ্টরা জানান, চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে গত পাঁচ দিন ধরে এ কর্মসূচি চলছে। ১৯ অক্টোবর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার বিকালে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট থালাবাটি নিয়ে মিছিলও করেন। সংগঠনের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যমুনার দিকে যাচ্ছিলাম কিন্তু পুলিশ আমাদের পথ আটকে দেয়। দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান চাকরিপ্রার্থীরা। প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে; প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করতে হবে; জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে শ্রুতিলেখক মনোনয়নে স্বাধীনতা দিতে হবে; সমাজসেবা অধিদপ্তরের অধীন ব্রেইলভিত্তিক শিক্ষাকার্যক্রম ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টিপ্রতিবন্ধীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে; প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করতে হবে।




