জাতীয়রাজনীতিসর্বশেষ

বান্দরবানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন

বান্দরবান জেলা শহরে আগুনে পুড়েছে বিএনপির একটি নির্বাচনী কার্যালয়। বিএনপির অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়টি ভাঙচুরের পর আগুন দিয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যালয়টিতে অবস্থান নিয়ে গতকাল রাতেও নেতা-কর্মীরা প্রচারণা চালিয়েছেন। অন্য দিনের মতো প্রচারণা শেষে রাত ১২টার দিকে তাঁরা চলে যান। এরপরই কার্যালয়টিতে আগুন জ্বলে ওঠে।

আজ সকাল ১০টার দিকে কার্যালয়টিতে গিয়ে দেখা যায়, বান্দরবান-চিম্বুক সড়কের হাফেজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাদেয়াল ঘেঁষে অস্থায়ীভাবে কার্যালয়টি করা হয়েছে। আগুনে কার্যালয়টির শামিয়ানা পুড়েছে। চারপাশে চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে আছে।

জানতে চাইলে বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. মজিবুর রশিদ বলেন, সারা দেশে একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে। মহলটিই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের আপাত ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে।

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, বিএনপি থেকে তাঁর দপ্তরে লিখিত কোনো অভিযোগ আসেনি। পুলিশ তাঁকে বিষয়টি জানিয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button