
বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে বিশ্বের প্রথম ‘জেন-জি (জেনারেশন জেড) প্রভাবিত নির্বাচন’ বলে আখ্যা দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
২০০৯ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত তিনটি জাতীয় নির্বাচন হয়েছে বাংলাদেশে। রয়টার্সের মতে, সেই নির্বাচনগুলো হয় বিরোধী দলগুলো বয়কট করেছে কিংবা অংশ নিলেও তা ছিল খুব সীমিত মাত্রায়। টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠেয় এ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। ২০২৪ সালের অভ্যুত্থানের নেতা-কর্মী ও সমর্থকদের মতে, ২০০৯ সালের পর এবারই প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে বাংলাদেশে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন এ নির্বাচনে বিএনপি জয়ী হবে বলে ব্যাপকভাবে প্রত্যাশা করা হলেও সেই জয়ের পথে জামায়াতে ইসলামী একটি শক্ত চ্যালেঞ্জ হয়ে উঠবে। আরও বলা হয়েছে, অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতনের পর উ™ূ¢ত তারুণ্যভিত্তিক রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের হাসিনাবিরোধী আন্দোলনকে নির্বাচনি ভিত্তি হিসেবে ব্যবহার করতে ব্যর্থ হয়ে জামায়াতের সঙ্গে জোট করেছে।
বাংলাদেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। বাকি ৮টি শরিকদের ছেড়ে দিয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছে রয়টার্স। তিনি বলেছেন, তাঁর দল নির্বাচনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী।
বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে ১৭ কোটি ৫০ লাখ মানুষ অধ্যুষিত বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক যে অস্থিতিশীলতা চলছে, তা থেকে উদ্ধারের জন্য একটি সুষ্ঠু নির্বাচন খুবই জরুরি। তা ছাড়া সামনের দিনগুলোতে এশিয়ার দুই পরাশক্তি চীন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে- তাও অনেকাংশে নির্ধারণ করে দেবে এ নির্বাচন। এ ছাড়া এ নির্বাচনে ভোটারদের ২৫ শতাংশই তরুণ প্রজন্মের বা জেন-জির (১৯৯৭ থেকে ২০১২ সালের ভিতর যাদের জন্ম)। তাদের সিদ্ধান্ত কিংবা পছন্দ ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী যে ফলাফলই করুক- তা ঐতিহাসিক হবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন জনমত জরিপের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে যত নির্বাচন হয়েছে- সেসবের মধ্যে এবারই জামায়াত সবচেয়ে ভালো ফলাফল করবে।




