
মহিউদ্দিন খন্দকার, চীফ রিপোর্টার: দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করায় দেশের লাখো গ্রাহক স্বস্তি প্রকাশ করেছেন। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ, বিদ্যুৎ গ্রাহক ও জ্বালানি বিশেষজ্ঞরা।
গত ৩ জুন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের খুচরা পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। এতে লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের বিদ্যুতের বিলও বাড়ার কথা ছিল।
তবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত গ্রাহকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য আগের মূল্যহার বহাল রাখে বিইআরসি। ফলে দেশের প্রায় ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহক সরাসরি মূল্যবৃদ্ধির প্রভাব থেকে মুক্ত থাকছেন।
গাইবান্ধা, ফেনী ও যশোরসহ বিভিন্ন জেলার গ্রাহকরা জানিয়েছেন, মূল্যবৃদ্ধি কার্যকর হলে তাদের মাসিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেত। সরকারের সিদ্ধান্তে তারা স্বস্তি পেয়েছেন এবং এটি সাধারণ মানুষের জন্য ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন।
জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, নিম্ন আয়ের গ্রাহকদের জন্য আগের মূল্যহার বহাল রাখা একটি যৌক্তিক সিদ্ধান্ত। একই সঙ্গে তিনি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খাতকে আরও টেকসই ও কার্যকর করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।




