সর্বশেষ

প্রাথমিকের ১ কোটির বেশি শিক্ষার্থীর জন্য বড় সুখবর


মহিউদ্দিন খন্দকার, চিফ রিপোর্টার : প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ৭ লাখের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা, মোজা এবং স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই বৃহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, মূল কার্যক্রম শুরুর আগে আগামী জুলাই-আগস্ট মাসে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রজেক্ট) এই সামগ্রী বিতরণ শুরু হবে। পাইলট প্রকল্পের আওতায় সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হবে। প্রথম ধাপে অন্তত ১ লাখ শিক্ষার্থীর মাঝে ইউনিফর্ম, জুতা, মোজা ও স্কুল ব্যাগ বিতরণ করা হবে।

তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে পাইলট প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাইলট প্রকল্পের ফলাফল সন্তোষজনক হলে আগামী জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হতে পারে।

সারাদেশের কোনো উপজেলা যেন বাদ না পড়ে, সেজন্য প্রতিটি উপজেলার একাধিক বিদ্যালয়কে কর্মসূচির আওতায় আনা হচ্ছে। সব মিলিয়ে ২৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রকল্পে অন্তর্ভুক্ত থাকবে।

এদিকে পাট ও বস্ত্র মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৫ লাখ পাটের স্কুল ব্যাগ উপহার হিসেবে দিচ্ছে। এসব ব্যাগ ওয়াটারপ্রুফ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিমন্ত্রী বলেন, এটি একটি পাইলট প্রকল্প। কার্যক্রম চলাকালে কোনো ত্রুটি-বিচ্যুতি পাওয়া গেলে তা সংশোধন করে ভবিষ্যতে আরও কার্যকরভাবে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এছাড়া মাঠ পর্যায়ে কর্মসূচি সফল করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করছে বলেও জানান তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button