
ডেক্স রিপোর্ট : ধানের শীষের কান্ডারী কে হবেন? হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর (সিলেট) থেকে আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জমে উঠেছে রাজনৈতিক নির্বাচনী প্রচার প্রচারণা।
বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে দুই হেভিওয়েট প্রার্থীর আগমন এবং জামায়াতে ইসলামীর একক প্রার্থীর নিরলস প্রচারণা ঘিরে এলাকাজুড়ে বইছে নির্বাচনী হাওয়া।বিএনপির প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, জনপ্রিয় রাজনৈতিক ব্যাক্তিত্ব যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির।
এই দুইজনই ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান, এবং ইতোমধ্যে তাদের উভয়ের সরব প্রচার প্রচারনায় কর্মী সমাবেশ এবং স্থানীয় বিএনপির বিভিন্ন অংশে তৎপরতা দেখা যাচ্ছে। বিশ্বনাথ ও ওসমানীনগরের চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত—আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন প্রশ্ন একটাই: কে হবেন বিএনপির চূড়ান্ত প্রার্থী?
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ইতোমধ্যে দুটি ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এতে করে প্রার্থী ঘোষণা না হতেই দলীয় অভ্যন্তরে কোন্দল এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
তবে দলের অনেক নেতাই এখনো অপেক্ষা করছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের জন্য।এ বিষয়ে ওসমানীনগর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল হান্নান সহ একাধিক নেতারা বলেন, “ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসবেন, আমরা তার পক্ষেই আছি। দলের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত।”অন্যদিকে, এই আসনে জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আব্দুল হান্নান। তিনি ইতোমধ্যে নিয়মিত গণসংযোগ, পথসভা এবং স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে ওসমানীনগর উপজেলায় জামায়াতের সাংগঠনিক কাঠামো প্রচারণায় গতি এনেছে। দলীয় প্রতীক বা জোটগত অবস্থান নিয়ে এখনো কেন্দ্রীয় সিদ্ধান্ত আসেনি, তবে তিনি নিজেকে শক্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে মাঠে সক্রীয়, এ আসনে খেলাফত মজলিস থেকেও প্রার্থী হচ্ছেন মোহাম্মদ মনতাসির আলী। এছাড়া গণঅধিকার পরিষদ থেকেও একজন প্রার্থী আসার সম্ভাবনা রয়েছে বলে গুঞ্জন রয়েছে।
যদিও এদের কেউ এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি, তবুও ভোটারদের মাঝে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে।সিলেট-২ আসনে ধানের শীষের কাণ্ডারী কে হবেন—এই প্রশ্ন এখন জনমনে কৌতূহলের সৃষ্টি করেছে। লুনা না হুমায়ুন, না কি অন্য কেউ?অন্যদিকে জামায়াত তার অবস্থান ধরে রাখতে পারবে কিনা, কিংবা তৃতীয় শক্তি হিসেবে খেলাফত মজলিস বা গণঅধিকার পরিষদের কেউ চমক দেখাতে পারবেন কি না—তা সময়ই বলে দেবে।সব মিলিয়ে সিলেট-২ আসনে নির্বাচনী মাঠ এখন টানটান প্রচার প্রচারনায় ভরপুর।




