
ওসমানীনগর , সিলেট সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর বিশেষ অভিযানে ৪৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আরিফ মিয়া (৪২) নামের এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১০ অক্টোবর) রাত ৪টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের বারাকাহ রেস্টুরেন্টের সামনে এ অভিযান চালানো হয়। আটক আরিফ মিয়া নরসিংদী থানার কাউরিয়াপাড়া গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে। র্যাব-৯, সিলেট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ আরিফ মিয়াকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৩-৬২৬৬) জব্দ করা হয়েছে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আরিফ মিয়া স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে সিলেটসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।র্যাব-৯ এর কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, “মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান নিয়মিত ও চলমান। দেশের যুব সমাজকে রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।




