নুরাল পাগলার দরবারে হামলা : জড়িতদের শাস্তির দাবি বাসদের

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
শনিবার দলটির কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘এটি শুধু একটি ব্যক্তি বা দরবারের বিরুদ্ধে হামলা নয়, বরং মানবিকতা, সামাজিক শৃঙ্খলা ও আইনের শাসনের ওপর নির্মম আঘাত। মরদেহ নিয়ে এমন অবমাননা সভ্য সমাজে অকল্পনীয় এবং এটি ধর্মীয়, নৈতিক ও মানবিক সব মূল্যবোধকে পদদলিত করে।
তিনি আরো বলেন, ‘কোনো মতভেদ, বিশ্বাস বা অভিযোগ থাকলেও তার সমাধান আইনের পথে হওয়া উচিত। কিন্তু জনতার হাতে আইন তুলে নিয়ে সহিংসতা চালানো এবং মৃত ব্যক্তির মর্যাদা হরণ করার মতো ঘটনা আমাদের সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এ ঘটনায় আহত সাধারণ মানুষদের প্রতি আমরা গভীর সহানুভূতি জানাই। রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে বলা হয়, এই ধরনের বর্বরতা কোনো ধর্ম, কোনো সংস্কৃতি কিংবা কোনো মানবিক আদর্শ সমর্থন করে না। সহিংসতার বদলে সহনশীলতা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা রক্ষার সংস্কৃতি গড়ে তোলাই আজ সময়ের দাবি

