
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে করণীয় নির্ধারণে সিলেট জেলা ওলামা দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) শনিবার সিলেট নগরীতে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ নূরুল হক। সভা পরিচালনা করেন সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা এম. এম. কামাল উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্যে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে গণতান্ত্রিক শক্তির বিজয়ের কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ স্বৈরশাসন ও একতরফা নির্বাচনের কারণে জনগণের আস্থা ভেঙে পড়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠা করা জরুরি। এ ক্ষেত্রে ওলামা দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা সজিব আহমদ, সদস্য সচিব মাওলানা আসিক আব্দুল্লাহ, ওসমানীনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কারী হারুনুর রশিদ, সদস্য সচিব মাওলানা নুরুল আমিন, বালাগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা রওসন আহমদ বাগ, সদস্য সচিব মাওলানা মারুফ বিল্লাহ, বিশ্বনাথ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মাহমুদুর রহমানসহ সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে জনসংযোগ জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।




