
কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর দক্ষিণ রেলগেটসংলগ্ন নিজস্ব অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন।
ভুক্তভোগী জানান, দুর্বৃত্তরা ৬-৭ রাউন্ড গুলি ও দুটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। শনিবার (৭ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাতে ৪-৫ জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিসের নিচে এসে তাকে গালিগালাজ করে। এ সময় তারা উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জ্বল স্বর্ণকারকে খুঁজতে থাকে। এরপর অফিস লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি ছোড়ে ও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের পার্শ্ববর্তী স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন। অফিসের অন্য পাশের দোকানের বেশ কয়েকটি অ্যাকুরিয়াম ভেঙে যায়। ঘটনার সময় পৌর ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা অফিসেই ছিলেন। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ভেড়ামারার ব্যবসায়ী আবুল হোসেন বলেন, শনিবার সারা দিনই বালুঘাটের পরিস্থিতি নিয়ে ভেড়ামারার অবস্থা উত্তপ্ত ছিল। সকালে উপজেলার বাহাদুরপুরে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। দুপুরের পর বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ার বালুঘাটে বিএনপির একটি পক্ষ অন্য পক্ষের অফিস ভাঙচুর করে। এ সময় একটি পেলুটারসহ বেশ কয়টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। মূলত আগের ঘটনার প্রতিফলনই রাতে ঘটেছে।
গুলিবিদ্ধ চা দোকানি শুকুর আলী বলেন, হঠাৎ করে ছোট একটি গুলি এসে আমার গলায় লাগে। বেশ কয়েকজন দুর্বৃত্ত গুলি ও ককটেল বিস্ফোরণ করে স্থান ত্যাগ করে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু বলেন, আমার অফিসে দুর্বৃত্তরা গুলি ও ককটেল ছুড়েছে। চা দোকানি শুকুর আলী গুলিবিদ্ধ হয়েছেন। তারা আমার অফিস গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আমি রাজনীতির পাশাপাশি প্রথম শ্রেণির ঠিকাদার। শত্রুতাবশত কেউ এমন কাজ করেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ভেড়ামারার দক্ষিণ রেলগেট এলাকায় দুর্বৃত্তরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে একজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পুলিশ দুর্বৃত্তদের ধরার জন্য কাজ করছে।



