
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাতুপুর গ্রাম ও বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের আতাফুর গ্রামের সংযোগস্থলে আর্মিদিং নদীর উপর নির্মাণাধীন একটি ব্রিজের কাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই ব্রিজের কাজ শুরুর পর থেকেই স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, বিশ্বনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাসের তত্ত্বাবধানে পরিচালিত নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। এমনকি ব্রিজটির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই মাঝখানের একটি অংশ দেবে গেছে বলে দাবি করেছেন এলাকাবাসী। এছাড়া নতুন ও নরম মাটির উপর ব্রিজ নির্মাণ করায় ওসমানীনগর অংশের প্রবেশমুখে ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে।এলাকাবাসীর মতে, অপরিকল্পিত ও নিম্নমানের কাজের কারণে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
পাশাপাশি নদীর উপর তুলনামূলক নিচু করে ব্রিজ নির্মাণ করায় নৌকা চলাচলও প্রায় বন্ধ হয়ে পড়েছে। এতে স্থানীয় কৃষক, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্রিজটির প্রকল্প ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তবে তিনি দাবি করেন, নির্মাণকাজ যথাযথ নিয়ম মেনেই সম্পন্ন করা হচ্ছে।স্থানীয় বাসিন্দা ছনু মিয়াসহ কয়েকজন অভিযোগ করে বলেন,“ব্রিজ নির্মাণ কাজে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার রহস্যজনক ভূমিকা রয়েছে। নিম্নমানের কাজের কারণে জনগণের টাকার অপচয় হচ্ছে।”এদিকে এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ব্রিজ নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।




