লাইভ চলাকালীন মারা গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জন ডেভিস

মহিউদ্দিন খন্দকার, চীফ রিপোর্টার: লাইভ চলাকালীন মারা গেলেন জনপ্রিয় মার্কিন কনটেন্ট ক্রিয়েটর জন ডেভিস। বুধবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের জেলিকো এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড প্রথম তার মৃত্যুর খবর প্রকাশ করে। পরে মার্কিন ম্যাগাজিন পিপল ক্যাম্পবেল কাউন্টি শেরিফ অফিসের বরাতে জানায়, শ্বাসকষ্টজনিত সমস্যার একটি জরুরি কল পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে পৌঁছানোর আগেই জন ডেভিসের মৃত্যু হয় এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সূত্র ও ভক্তদের পোস্ট থেকে জানা যায়, ১০ জুন রান্নাবিষয়ক একটি ফেসবুক লাইভ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জন ডেভিস। পরবর্তীতে তার মৃত্যুর পর সংশ্লিষ্ট লাইভ ভিডিওটি পেজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে মৃত্যুর একদিন আগে, ৯ জুন প্রকাশিত একটি ভিডিও এখনও তার পেজে রয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, জন ডেভিস তার মা ফ্রান্সেস ডেভিসের সঙ্গে রাতের খাবারের জন্য টমেটোর একটি রেসিপি তৈরি করছিলেন।
‘কফি টাইম উইথ জন অ্যান্ড মম্মা’ নামের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে মা ফ্রান্সেস ডেভিসকে নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করতেন জন। মা-ছেলের আন্তরিক সম্পর্ক ও প্রাণবন্ত উপস্থাপনার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছিল ব্যাপক জনপ্রিয়তা। ফেসবুক ও ইউটিউব মিলিয়ে লাখো দর্শক নিয়মিত তাদের ভিডিও দেখতেন।
জন ডেভিসের আকস্মিক মৃত্যুতে তার ভক্ত-অনুরাগী ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন




