
রকিব আল মাহমুদ:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অধ্যয়নরত গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি’-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাছিম সরদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী ফাহিম সরদার। ফলে সংগঠনটির নেতৃত্বে এসেছে আলোচিত ‘সরদার’ জুটি।
রোববার (২১ জুলাই) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই কমিটিতে দর্শন বিভাগের শিক্ষার্থী হেলাল খান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগামী এক বছর এই কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে। সংগঠনের উপদেষ্টা পরিষদ ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের অনুমোদনের মাধ্যমে কমিটিটি চূড়ান্ত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি নাছিম সরদার দায়িত্ব পাওয়ার পর মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “একটি ছাত্রকল্যাণ সংগঠনের প্রকৃত শক্তি হলো ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার মানসিকতা। সেই আদর্শকে সামনে রেখেই আমরা সংগঠনকে আরও গতিশীল করতে চাই।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতিকে শুধু একটি সামাজিক সংগঠন হিসেবে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থী কল্যাণ, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন ও মানবিক সেবার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত করা। আমরা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে মানিয়ে নিতে সহযোগিতা করব এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলব।”
২০০৯ সালে প্রতিষ্ঠিত গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে কাজ করে আসছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক হলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এ. এফ. ইমাম আলী।
সংগঠনটির শিক্ষক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. সাহিদুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবুল বাশার, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সোহান মিয়া, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শাহ্ জুলকার নাঈন, সংস্কৃত বিভাগের প্রভাষক পবিত্র কুমার হিরা এবং ইংরেজি বিভাগের প্রভাষক তাকিত মল্লিক।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, উপদেষ্টা পরিষদের দিকনির্দেশনা এবং সকল শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণে সংগঠনটি ভবিষ্যতে আরও শক্তিশালী, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে এগিয়ে যাবে। নতুন নেতৃত্বের হাত ধরে গোপালগঞ্জের শিক্ষার্থীদের ঐক্য, সম্প্রীতি ও কল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।




