
হাবিবুর রহমান বাবুল, ওসমানীনগর প্রতিনিধি:
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেছেন, “জাতীয় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণ ও এর পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) ওসমানীনগর উপজেলায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় এসওএস শিশু পল্লীতে, দুপুর ২টায় ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বিকেল ৩টায় উপজেলা অফিসপাড়ায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমুল আহসান, এসওএস শিশু পল্লীর সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যায় সচেতন হতে হবে। বৃক্ষই পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।




