
রকিব আল মাহমুদ: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর জৈন্তাপুর উপজেলা শাখার ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনন্দা রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে নবগঠিত কমিটির অনুমোদিত কপি তুলে দেওয়া হয়। এ সময় মানবাধিকার সুরক্ষা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত সহায়তা নিশ্চিতকরণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধিতে আসকের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনন্দা রায় নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি মানবকল্যাণমূলক ও জনস্বার্থে পরিচালিত কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আসক-এর জৈন্তাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানবাধিকার রক্ষা, আইনগত সহায়তা প্রদান ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




