
মহিউদ্দিন খন্দকার, চীফ রিপোর্টার: দুবাইয়ে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করেছে দুবাই পুলিশ। তার বিরুদ্ধে দুদকের দায়ের করা পাসপোর্ট জালিয়াতির মামলায় গত বছর রেড নোটিশ জারি করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দুদকের ইতিহাসে রেড নোটিশের মাধ্যমে কোনো আসামি গ্রেফতারের ঘটনা এটিই প্রথম।
আওয়ামী লীগ সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন বেনজীর আহমেদ। তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলার মধ্যে অন্যতম হলো পাসপোর্ট জালিয়াতির মামলা।
দুদকের মামলার অভিযোগ অনুযায়ী, সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও তিনি সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত বিশেষ পাসপোর্ট গ্রহণ না করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজেকে বেসরকারি চাকরিজীবী হিসেবে পরিচয় দিয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগেই দেশ ত্যাগ করেন বেনজীর আহমেদ। পরে ২০২৫ সালে দুদকের আবেদনের পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।
অবশেষে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তর, দুদক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, দুদকের তদন্তে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বেনজীর আহমেদ ও তার পরিবারের বিপুল পরিমাণ স্থাবর সম্পদের তথ্য উঠে আসে। তার পরিবারের বিরুদ্ধে প্রায় ৭৪ কোটি ১৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে। আদালতের নির্দেশে দেশে থাকা এসব সম্পদের একটি বড় অংশ ইতোমধ্যে জব্দ করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করতে পারে বলে জানা গেছে।




