বাবুল, ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকদারা মোহাম্মদপুর গ্রামের অসহায় অ্যাম্বুলেন্স চালক মুহিবুর রহমানের মাথা গোঁজার স্থায়ী ঠিকানা নিশ্চিত করেছে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভি। মানবিক সহায়তার ধারাবাহিকতায় প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন বসতঘরটি ৪ জুলাই ২০২৬ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সংগঠনটির উদ্যোগে এটি উপজেলার ২৬তম বসতঘর। নেসার্স ট্রাস্টের ফাউন্ডার মেম্বার আফগানিস্তানের নাগরিক আদম খাঁনের পক্ষে এবং নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভির উদ্যোগে ঘরটি উপহার দেওয়া হয়। ঘর হস্তান্তর করেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মামুনুর রহমান। বক্তব্য রাখেন। ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ, নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভির বাংলাদেশ সদস্য নাজমুল ইসলাম সাইদ এবং সমাজসেবক আব্দুল আহাদ।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভি মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। প্রবাসে অবস্থান করেও সংগঠনের সদস্যরা প্রাকৃতিক দুর্যোগ, সংকটকাল ও দুঃসময়ে দরিদ্র মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের অন্যতম মানবিক উদ্যোগ ‘হাউজিং মিশন’-এর আওতায় চলতি বছরে ওসমানীনগরে ২৬টি বসতঘর নির্মাণ ও হস্তান্তর করা হয়েছে।
বক্তারা আরও বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই সংগঠনটির মূল লক্ষ্য। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভির এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান ও প্রবাসীদের মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের বাংলাদেশ সদস্য খালেদ, হামজা, সাইদ, মিলাদ, সবুজ, রুমেছ ও সামাদ উপস্থিত ছিলেন। শেষে মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম আশরাফুল রহমান দোয়া পরিচালনা করেন।




