খেলাসর্বশেষ

পেনাল্টির আগে নরওয়ের গোলরক্ষককে যা বলেছিলেন নেইমার


রকিব আল মাহমুদ : বিশ্বকাপের শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে পেনাল্টি থেকে একমাত্র গোল করেন বদলি হিসেবে নামা নেইমার। তবে গোলের চেয়ে বেশি আলোচনায় এসেছে পেনাল্টি নেওয়ার আগে নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ডের সঙ্গে তার কথোপকথন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ব্রাজিলের টেলিভিশন অনুষ্ঠান ফ্যান্টাস্টিকো-তে প্রকাশিত অডিওতে দেখা যায়, পেনাল্টি নেওয়ার আগে নিল্যান্ডকে উদ্দেশ্য করে নেইমার বলেন, পেনাল্টিটা কোন দিকে মারব? কোন দিকে চাও? জবাবে নরওয়ের গোলরক্ষক হাস্যরসের সুরে বলেন, পোস্টে মারো, পোস্টে।

তবে শেষ পর্যন্ত নিখুঁত শটে বল জালে পাঠান নেইমার। নিল্যান্ড নিজের জায়গায় দাঁড়িয়ে শুধু বলের জালে জড়ানো দেখেন। গোল উদযাপনের সময় ব্রাজিলিয়ান তারকা গোলরক্ষকের দিকে তাকিয়ে বলেন, আমার সঙ্গে চালাকি চলবে না! বোকা।

এর আগে ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টির সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু ব্রুনো গুইমারেসের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নিল্যান্ড। পরে নরওয়ে আরও একটি গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের যোগ করা সময়ে নেইমারের পেনাল্টি থেকে ব্রাজিল একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। অন্যদিকে, শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। ফলে ২০০২ সালের পর বিশ্বকাপ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো সেলেসাওদের। ২০৩০ বিশ্বকাপ শুরু হওয়ার সময় ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ের বয়স হবে ২৮ বছর, যা দেশটির বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ট্রফিখরা হিসেবে বিবেচিত হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button